ভারতের প্রতিরক্ষা ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে আজ দেশের তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইলের (BrahMos Missile) আনুষ্ঠানিক রোল আউট হতে চলেছে। এই বিশেষ মুহূর্তের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লখনউয়ের এই ব্রহ্মস ইউনিটেই মিসাইলগুলির সংযোজন, পরীক্ষা ও মান যাচাইয়ের কাজ সম্পন্ন হবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে।
আত্মনির্ভরতার প্রতীক এই প্রকল্প:
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই কারখানায় বছরে প্রায় একশোটি মিসাইল তৈরির লক্ষ্যে কাজ শুরু হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আজকের এই উদ্বোধন শুধু একটি নতুন কারখানার সূচনা নয়, বরং ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দিক থেকে এক বড় পদক্ষেপ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ভারত এখন বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করেও জটিল সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও স্বীকার করেন যে, উত্তরপ্রদেশে তৈরি ব্রহ্মস মিসাইল ভারতের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
অপারেশন ‘সিন্দূর’-এ সাফল্য:
প্রতিরক্ষা সূত্রে খবর, সাম্প্রতিক অপারেশন ‘সিন্দূর’-এর সময় ব্রহ্মস মিসাইলের সাফল্য এই প্রকল্পের গতি আরও বাড়িয়ে দিয়েছে। ওই অভিযানে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুল আঘাত হানতে বিমান থেকে উৎক্ষেপিত ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছিল।
অন্যান্য উন্নয়ন:
লখনউ ইউনিটে মিসাইল তৈরির পাশাপাশি টাইটানিয়াম ও বিশেষ ধাতু প্রক্রিয়াকরণ কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে বিমান ও মিসাইল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রাজ্য সরকারের হাতে জিএসটি বিল ও চেক তুলে দেওয়ার মাধ্যমে প্রতিরক্ষা শিল্প করিডোরে উত্তরপ্রদেশের অগ্রগতিকে প্রতীকী সম্মান জানানো হবে। এই ইউনিট চালু হলে তা দেশের প্রতিরক্ষা উৎপাদনকে আরও গতিশীল করবে এবং বিপুলসংখ্যক যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।