শিক্ষা কি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? পঞ্চম শ্রেণির একটি পাঠ্যবইয়ের আকাশছোঁয়া দাম দেখে এমনই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গিয়েছে, পঞ্চম শ্রেণির মাত্র একটি বইয়ের গায়ে দাম লেখা রয়েছে ১০৩৫ টাকা! যেখানে গড়পড়তা মধ্যবিত্ত পরিবারের মাসিক আয়ের একটি বড় অংশ সন্তানদের পড়াশোনার পেছনে খরচ হয়, সেখানে একটি বইয়ের এই অস্বাভাবিক দাম দেখে স্তম্ভিত অভিভাবক মহল।
ক্ষুব্ধ এক অভিভাবক সরাসরি রাজনৈতিক ও ধর্মীয় মেরুকরণকে কটাক্ষ করে লিখেছেন, “একটা বইয়ের দাম ১০৩৫ টাকা! কিন্তু এই নিয়ে কিছু বললেই শুনতে হবে ‘হিন্দু খতরে মেঁ’ (হিন্দুরা বিপদে)। আসল বিপদ যে পড়াশোনার খরচ আর পকেট ফাঁকা হওয়া, সেটা নিয়ে কারও হেলদোল নেই।” শিক্ষা মহলের একাংশের মতে, বেসরকারি প্রকাশনা সংস্থাগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ না থাকায় যথেচ্ছ দাম বাড়ানো হচ্ছে। ডিজিটাল পড়াশোনার যুগে কাগজের দাম বাড়ার অজুহাত দিলেও, একটি প্রাইমারি স্তরের বইয়ের দাম হাজার টাকা ছাড়িয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন সাধারণ মানুষ।





