পরপর নারী নির্যাতনের ঘটনা ঘিরে ওড়িশা রাজ্যে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল, শুক্রবার গভীর রাতে ওড়িশার ভুবনেশ্বরে বিহারের ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরের অশোকনগর এলাকার কাছে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে তাঁকে প্রতিবন্ধী ভেবে ভুল করলেও, পরে একদল অটোচালক মেয়েটিকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে ভর্তি করান।
আশঙ্কাজনক অবস্থা: পুলিশ কমিশনার এস. দেব দত্ত সিং জানান, মেয়েটির অবস্থা এখনো আশঙ্কাজনক এবং সে আইসিইউ-তে চিকিৎসাধীন।
মানসিক আঘাত: হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং সে মানসিকভাবে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, “সে কথা বলতে পারছিল না কিন্তু সে ইঙ্গিত করতে পারছিল যে সে বিহারের বাসিন্দা।”
পুলিশ কমিশনার আরও বলেন, “ইতিমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি যেখানে ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে মেয়েটির পরিচয়ও যাচাই করা হচ্ছে।”
পুলিশের রেকর্ড অনুসারে, ওড়িশায় শিশুদের বিরুদ্ধে অপরাধের হার ৫৯.৫% এবং ২০২৩ সালে এই ধরনের অপরাধের জন্য সামগ্রিক চার্জশিট হার ছিল মাত্র ৪১.৫%, যা দেশের মধ্যে সর্বনিম্ন। রাজ্যের এমন পরিস্থিতিতে নারী নির্যাতনের এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।