দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আসুতি থানা এলাকায় চোরদের দুঃসাহসিক তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত। গত ২৪ ঘণ্টায় প্লাজা অঞ্চলের অন্তত ১৪টি বাড়িতে পরপর চুরির ঘটনায় রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পিতভাবে যে বাড়িগুলিতে তালা দেওয়া ছিল, বেছে বেছে সেই বাড়িগুলোতেই হানা দিয়েছে দুষ্কৃতীরা। নগদ টাকা ও গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করে চম্পট দিয়েছে চোরের দল।
একটি বাড়ি থেকে প্রায় ৪ লক্ষ টাকা এবং স্থানীয় একটি অফিস থেকে ১ লক্ষ টাকা উধাও হয়েছে বলে খবর। সিসিটিভি ফুটেজে এক দুষ্কৃতীকে অফিসের ভেতর জিনিসপত্র তছনছ করতে দেখা গিয়েছে। স্থানীয়দের সন্দেহ, এলাকারই কোনো সোর্স চোরদের খবর দিচ্ছে যে কোন বাড়িগুলো ফাঁকা। এক ভুক্তভোগী মহিলার কথায়, “বাড়ি ফিরে দেখি গেটের তালা ভাঙা, সব শেষ হয়ে গিয়েছে।”
চুরির এই নজিরবিহীন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে থানায় পিটিশন জমা দিয়েছেন। পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও কালীতলা আসুতি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রাতে নজরদারি বাড়ানো হয়েছে। বিষ্ণুপুর বিধানসভার এই শান্ত এলাকায় হঠাত চোরের উপদ্রব বৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।