রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের কড়া সমালোচক, কিন্তু বুধবার রাজ্যসভার ছবিটা ছিল একেবারে অন্যরকম। বিদায়বেলায় সব তিক্ততা ভুলে হাসির ফোয়ারা ছোটালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। তাঁর একটি মজাদার মন্তব্য শুনে নিজের হাসি চেপে রাখতে পারলেন না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রাজ্যসভা থেকে খড়গের দীর্ঘ সংসদীয় সফরের সমাপ্তি লগ্নে বিদায়ী ভাষণে উঠে এল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং শরদ পওয়ারের প্রসঙ্গ। ৫৪ বছরের রাজনৈতিক বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে দেবগৌড়াকে লক্ষ্য করে খড়গে বলেন, “জানি না কী হল! প্রেম করলেন আমাদের সঙ্গে, ভালোবাসলেন আমাদের, কিন্তু শেষমেশ বিয়েটা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।” খড়গের এই ‘পলিটিক্যাল হিউমার’ শুনে রাজ্যসভার শাসক ও বিরোধী— উভয় পক্ষই হাসিতে ফেটে পড়ে। প্রধানমন্ত্রী মোদীকেও দেখা যায় মন খুলে হাসতে।
আসলে ২০১৮ সালে কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার চালালেও পরবর্তীতে বিজেপি-র হাত ধরে দেবগৌড়ার দল জেডিএস। সেই দলবদলকেই অত্যন্ত চতুরভাবে ‘প্রেম ও বিয়ে’র রূপক দিয়ে ব্যাখ্যা করেন খড়গে। পাশাপাশি রামদাস আঠাওয়ালেকেও কটাক্ষ করে তিনি বলেন, “উনি মোদীজিকে নিয়ে কবিতা ছাড়া আর কিছুই জানেন না।” এদিন প্রধানমন্ত্রী মোদীও বিদায়ী সাংসদদের ধন্যবাদ জানিয়ে বলেন, খড়গে ও পওয়ারের মতো অভিজ্ঞ নেতাদের থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।