স্কুলের মাঠে সহপাঠীরা যখন খেলায় মত্ত, তখনই মাঠের এক কোণে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিল ৯ বছরের খুদে দিব্যা। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, কয়েক মুহূর্ত পরেই সব শেষ হয়ে যাবে। গত ২৩ ফেব্রুয়ারি রাজস্থানের গোতানের একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। সকালের প্রার্থনার ঠিক আগেই হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে দিব্যা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক বিষয় হলো, মাত্র চার মাস আগেই ঠিক একইভাবে প্রাণ হারিয়েছিল দিব্যার বড় দাদা অভিষেক। গত বছর ৯ সেপ্টেম্বর বাড়িতে খেলার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মৃত্যু হয় তারও। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ঘটনাকে ‘সাডেন কার্ডিয়াক ডেথ’ (SCD) বলা হয়। এটি মূলত হৃদযন্ত্রের বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটে, যা হার্ট অ্যাটাক থেকে আলাদা। কোনো সতর্কবার্তা ছাড়াই বুকে ব্যথা, ধড়ফড় বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, কেউ হঠাৎ জ্ঞান হারালে তৎক্ষণাৎ সিপিআর (CPR) শুরু করা এবং জরুরি চিকিৎসা পরিষেবা নেওয়া অত্যন্ত জরুরি।