বৃহস্পতিবার ভোররাতে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মলুকা সাগরের তলদেশে, টারনাটে শহর থেকে প্রায় ১১৯ কিমি দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিমি গভীরে। এই শক্তিশালী কম্পনের পরই ইন্দোনেশিয়া-সহ ফিলিপিন্স ও মালয়েশিয়া উপকূলে জারি করা হয়েছে বিপজ্জনক সুনামির সতর্কতা।
কম্পন এতটাই তীব্র ছিল যে উত্তর সুলাওয়েসি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি এবং একটি বড় ক্রীড়া ভবন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত মানুষ এবং স্কুলপড়ুয়ারা প্রাণের ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে এই বিপর্যয় ঘটে। উল্লেখ্য, ২০০৪ সালে এই অঞ্চলে হওয়া সুনামিতে প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, সেই স্মৃতি মনে করে ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায়।





