রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পদার্পণ করার মুখে দাঁড়িয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনীয় নাগরিক ও সেনারা ক্লান্ত। কিন্তু সেই ক্লান্তি যেন কোনোভাবেই আত্মসমর্পণে পরিণত না হয়, সেই বার্তাই দিয়েছেন তিনি। জেলেনস্কির সাফ কথা, “পুতিনের দাবি মেনে নেওয়া মানে পুরো দেশকে এক বিশাল কারাগারে পরিণত করা। আমরা আমাদের এক ইঞ্চি জমিও ছাড়ব না।”
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও সরব হয়েছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, মস্কোর ওপর চাপ সৃষ্টিতে ট্রাম্পের ভূমিকা যথেষ্ট নয়। ওয়াশিংটনের কাছে স্পষ্ট নিরাপত্তা গ্যারান্টি চেয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনবাসী জানতে চায় যে পুতিন ভবিষ্যতে আবার আক্রমণ করলে পশ্চিমী মিত্ররা ঠিক কী করবে। এছাড়াও তিনি দাবি করেন, পুতিন ইতিমধ্যেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করে দিয়েছেন এবং ইউক্রেন বর্তমানে সেই আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, আকাশপথ নিরাপদ না হলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন বাঁচানো অসম্ভব। জেলেনস্কির কড়া হুঁশিয়ারি, “আমরা শিশু নই যে আমাদের সেনা সরিয়ে নিয়ে দেশটা রাশিয়ার হাতে তুলে দেব।”