\পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহের মাঝেই এবার কার্যত রণক্ষেত্রের রূপ নিল আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। সোমবার পাকটিকা প্রদেশে পাকিস্তানি সেনার হামলার পাল্টা জবাব দিতে গিয়ে রীতিমতো তাণ্ডব চালাল তালিবান বাহিনী। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তাদের অভিযানে পাকিস্তানের অন্তত ৭টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।
আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তেজনার সূত্রপাত হয় যখন পাকিস্তানি সেনা ডুরান্ড লাইন অতিক্রম করে আফগান সামরিক ঘাঁটিতে আচমকা হামলা চালায়। এরপরেই ‘পাল্টা মার’ দিতে শুরু করে তালিবান। কান্দাহার-বেলুচিস্তান এবং কান্দাহার-খাইবার পাখতুনখোয়া সীমান্তের শোরবাক, স্পিন বোল্ডাক, মারুফ ও আর্গিস্তান এলাকায় পাকিস্তানি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভারী কামান ও ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ে আফগান সেনা।
আফগান সেনার মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি দাবি করেছেন, এই বিধ্বংসী লড়াইয়ে ৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং বেশ কিছু সেনাকে বন্দি করেছে আফগান বাহিনী। এছাড়াও একটি পাকিস্তানি সামরিক সাঁজোয়া ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে তারা। জাবুল ও খোস্ত সীমান্তজুড়ে এখনও চলছে ভারী গোলাবর্ষণ। তবে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়ে পাকিস্তান সরকার বা সেনার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। দুই দেশের সীমান্তে বর্তমানে চরম যুদ্ধকালীন তৎপরতা বজায় রয়েছে।