প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে উত্তরপ্রদেশের দুই দিনের সফরে রয়েছেন। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীতে বাবা বিশ্বনাথের মন্দিরে পূজা-অর্চনা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ব্যস্ত প্রচারের মাঝেই প্রধানমন্ত্রীকে এক ভিন্ন আধ্যাত্মিক মেজাজে দেখা গেল। তিনি মন্দিরের গর্ভগৃহে প্রায় ৩০ মিনিট সময় কাটান। সেখানে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে পবিত্র জল অর্পণ করার পাশাপাশি ফুল ও মালা নিবেদন করে দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ও উৎসবের আমেজ ছিল। পাঁচজন পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং শাস্ত্রীয় বিধি মেনে পূজা সম্পন্ন করেন। কপালে চন্দন ও তিলক পরা প্রধানমন্ত্রীর ভক্তিপূর্ণ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। দর্শন শেষে তিনি মন্দির প্রাঙ্গণে স্থাপিত আধুনিক প্রযুক্তির ‘বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি’ দেখেন এবং এর কার্যকারিতা সম্পর্কে বিশদ খোঁজখবর নেন।
পূজা শেষে প্রধানমন্ত্রী মোদী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করে লেখেন, “হর হর মহাদেব! কাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করার সৌভাগ্য আমার হয়েছিল। এখানে আমি ভগবান ভোলেনাথের কাছে সকল দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছি।” মা অন্নপূর্ণা ও মা গঙ্গাকে দর্শন করে তিনি যে অপার শান্তি লাভ করেছেন, তাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কাশীর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাঁর এই আধ্যাত্মিক সফর শেষ করেন।





