মঙ্গলবার সকালে যখন গোটা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই মেটেলি-চালসা রাজ্য সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার তাদের অভিভাবকদের সঙ্গে টোটোতে করে চালসা গয়ানাথ বিদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু চালসা রেলগেটের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি।
এই দুর্ঘটনায় টোটোতে থাকা পরীক্ষার্থীসহ সকলেই আহত হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজে নামেন এবং আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
প্রাথমিক চিকিৎসার পর অনন্যা তালুকদারকে ছেড়ে দেওয়া হলে সে মনের জোর নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসে। কিন্তু মৃত্তিকা মজুমদারের চোট ছিল গুরুতর, যার ফলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন। তবে শারীরিক যন্ত্রণা ছাপিয়ে বড় হয়ে ওঠে ছাত্রীর ভবিষ্যৎ। মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল পরিদর্শকের তৎপরতায় হাসপাতালেই মৃত্তিকার জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়। সরকারি আধিকারিকদের এই মানবিক পদক্ষেপে খুশি অভিভাবকরা।