দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। কিন্তু উৎসবের আনন্দের মাঝেই চোখ রাঙাচ্ছে প্রবল গরম! সকাল গড়াতেই চড়া রোদের দাপটে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এখনই স্বস্তির কোনও খবর নেই, বরং আগামী কয়েকদিনে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই পারদ আরও চড়বে।
সোমবার তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ভ্যাপসা গরমের আসল কারিগর আপেক্ষিক আর্দ্রতা, যা ৮৯ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিম ও মধ্য ভারত থেকে ধেয়ে আসা শুষ্ক ও গরম হাওয়ার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে তাপপ্রবাহের অস্বস্তি। আপাতত কালবৈশাখীর কোনও পূর্বাভাস নেই, ফলে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুরুতে কড়া গরমই সঙ্গী হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর।
তবে দক্ষিণবঙ্গ যখন পুড়ছে, উত্তরবঙ্গে তখন কিছুটা স্বস্তির খবর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলি যখন বৃষ্টিতে ভিজবে, তখন দক্ষিণবঙ্গের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বহাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।





