নীরজ জিম্বা আউট! ২০২৬-এর হাইভোল্টেজ লড়াইয়ে পাহাড়ের দখল নিতে কাদের ওপর ভরসা মোদী-শাহের?

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় উত্তরবঙ্গের পাহাড়ী রাজনীতিতে সবথেকে বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার প্রকাশিত বিজেপির দ্বিতীয় দফার তালিকায় দেখা গেল, দার্জিলিংয়ের হেভিওয়েট নেতা তথা গত দুবারের লড়াকু বিধায়ক নীরজ জিম্বাকে এবার প্রার্থী করা হয়নি। শুধু নীরজ জিম্বাই নন, কার্শিয়াংয়ের ক্ষেত্রেও বড় রদবদল ঘটিয়েছে পদ্ম শিবির। পাহাড়ের তিনটি আসনেই এবার নতুন মুখের ওপর বাজি ধরেছে তারা।

বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, দার্জিলিং (২৩) বিধানসভা কেন্দ্রে নীরজ জিম্বার পরিবর্তে প্রার্থী করা হয়েছে নোমান রায়কে। অন্যদিকে, কার্শিয়াং (২৪) আসনে বিদায়ী বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দল ছাড়ার পর সেখানে নতুন মুখ হিসেবে আনা হয়েছে সোনম লামাকে। কালিম্পং (২২) আসনেও প্রার্থী বদল করে ভরত ছেত্রীকে টিকিট দেওয়া হয়েছে। শিলিগুড়ি ও মাটিগাড়া-নক্সালবাড়িতে পুরনোদের ওপর আস্থা রাখলেও, পাহাড়ের মূল তিনটি আসনে এই আমূল পরিবর্তন রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নীরজ জিম্বাকে টিকিট না দেওয়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। দলের অন্দরের খবর, পাহাড়ের আঞ্চলিক সমীকরণ এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা মাথায় রেখেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) যখন বিজয় কুমার রাইয়ের মতো জনপ্রিয় মুখদের প্রার্থী করেছে, তখন বিজেপিও চাইছে নতুন ভাবমূর্তির মাধ্যমে পাহাড়ের ভোটব্যাঙ্ক ধরে রাখতে। এখন দেখার, এই নতুন মুখেদের ওপর পাহাড়ের মানুষ কতটা আস্থা রাখেন এবং নীরজ জিম্বার মতো প্রবীণ নেতার ব্রাত্য হওয়া বিজেপির ফলাফলে কোনো প্রভাব ফেলে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy