জাতীয় রাজধানীতে নির্বাচন কমিশনের সদর দফতরে নজিরবিহীন উত্তেজনা। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠকের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার তাঁর দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের এহেন আচরণে ক্ষোভে ফেটে পড়েন অভিষেক।
জানা গিয়েছে, রাজ্যের একাধিক দাবি-দাওয়া এবং প্রশাসনিক রদবদল নিয়ে আলোচনার জন্যই এদিন কমিশনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু বৈঠক চলাকালীন একটি বিশেষ ইস্যুতে আলোচনা চলাকালীন পরিবেশ উত্তপ্ত হয়। অভিষেকের দাবি, কথা বলার সময় মুখ্য নির্বাচন কমিশনার তাঁর দিকে আঙুল উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গি করেন। পাল্টা প্রতিবাদ জানাতে দেরি করেননি তৃণমূল সাংসদও। তিনি সাফ জানিয়ে দেন, জনপ্রতিনিধিদের সঙ্গে এহেন আচরণ কোনোভাবেই কাম্য নয়।
এই ঘটনার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি আগে থেকেই প্রশ্ন তুলছিলেন, আর এদিনের ঘটনা সেই বিতর্কে ঘৃতাহুতি দিল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক কী বয়ান দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি।





