নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি কমিশন, কিন্তু বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ ইতিমধ্যেই চরমে। রাজনীতির ময়দানে সশরীরে লড়াইয়ের আগে শুরু হয়েছে ‘দেওয়াল দখলের যুদ্ধ’। একসময়ের বাম শরিক ফরোয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ওন্দা কেন্দ্রটি এখন তৃণমূল ও বিজেপির কাছে এক মস্ত ‘প্রেস্টিজ ফাইট’।
২০১১ সালে পরিবর্তনের ঝড়ে ওন্দা দখল করেছিল তৃণমূল। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরকে সরিয়ে সেখানে জয়ী হন বিজেপির অমরনাথ শাখা। ফলে এই কেন্দ্রটি পুনরুদ্ধারে যেমন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তেমনই নিজেদের গড় ধরে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা না হলেও, দুই শিবিরই দেওয়াল লিখনে একে অপরকে টেক্কা দিচ্ছে। শাসক দল যেখানে সরকারের উন্নয়নমূলক কাজকে ছড়ার আকারে তুলে ধরছে, সেখানে বিজেপি ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাজ্য সরকার পরিবর্তনের ডাক দিয়ে ওন্দার দেওয়াল ভরিয়ে তুলছে।
রাজ্য রাজনীতির বর্তমান ইস্যুগুলো থেকে শুরু করে স্থানীয় উন্নয়ন— সবকিছুই স্থান পাচ্ছে এই দেওয়াল লিখনে। বিজেপির দেওয়ালে যেমন ফুটে উঠছে আগামী দিনের অগ্রাধিকারের তালিকা, তেমনই তৃণমূলের পালটা জবাবে থাকছে বিরোধীদের সমালোচনার সুর। ওন্দার সাধারণ মানুষও প্রাক-নির্বাচনী এই প্রচারের লড়াই বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। আপাতত প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন চলছে পুরোদমে, এখন দেখার শেষ হাসি কে হাসে।