নিট ২০২৬ ঘিরে বড় ধাক্কা! পুনঃপরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্তে হতাশ পরীক্ষার্থীরা

নিট (NEET) ২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে বড়সড় ধাক্কা খেলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পদ্ধতিগত সংস্কারের দাবিতে আনা একটি জরুরি আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি.এস. নরসিংহ ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে নতুন করে কোনো নির্দেশ দেওয়ার সুযোগ নেই। ফলে জুলাই মাসের আগে এই বিষয়ে আদালতের তরফে কোনো নতুন সিদ্ধান্তের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে ১২ মে মূল নিট-ইউজি পরীক্ষা বাতিল করা হয়েছিল। সিবিআই তদন্তের পর পরীক্ষাটি ২১ জুন পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আবেদনকারীদের মূল দাবি ছিল, অফলাইন বা সশরীরে পরীক্ষা না নিয়ে শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে সিবিটি (CBT) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হোক। তাঁদের যুক্তি, এতে প্রশ্নপত্র ফাঁস ও পরিবহণজনিত জালিয়াতির ঝুঁকি কমবে।

তবে আদালত কর্তৃপক্ষের বাস্তব অসুবিধার কথা উল্লেখ করে জানিয়েছে, এই পর্যায়ে পরীক্ষা পদ্ধতি বদলানো সম্ভব নয়। বিচারপতি নরসিংহ স্পষ্ট বলেন, পরীক্ষা বাতিল ও নতুন করে সময়সূচি নির্ধারণের পর এনটিএ ইতিমধ্যেই চরম চাপের মুখে রয়েছে। আদালত মামলাটিকে এনটিএ-র সংস্কার সংক্রান্ত অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করে অবকাশ পরবর্তী সময়ের জন্য স্থগিত রেখেছে। কেন্দ্র ও সিবিআই-এর থেকে জবাব চেয়ে মামলাটি আগামী শুনানির তালিকায় রাখা হয়েছে। এখন ২১ জুনের নির্ধারিত পরীক্ষাই বহাল থাকছে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy