সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET 2026) ঘিরে আবারও এক বিশাল কেলেঙ্কারির মেঘ ঘনীভূত হচ্ছে। ২০২৪ সালের সেই অভিশপ্ত স্মৃতি উসকে দিয়ে এবারও প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ সামনে এল। অভিযোগ উঠেছে, পরীক্ষার অন্তত দু’দিন আগে থেকেই রাজস্থানের সিকার এলাকায় হাতে লেখা একটি প্রশ্নপত্র পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এই ঘটনার তদন্তে নেমে যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, তাতে মাথায় হাত পড়েছে কয়েক লক্ষ পরীক্ষার্থীর।
তদন্তকারীদের দাবি, একটি ‘গেস পেপার’ বা সাজেশন হিসেবে ১ মে থেকেই সিকারের বিভিন্ন হোস্টেল ও মেসে ঘুরছিল হাতে লেখা একটি প্রশ্নব্যাঙ্ক। সেখানে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার মোট ৩০০টিরও বেশি প্রশ্ন ছিল। আশ্চর্যের বিষয় হলো, ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় সেই তালিকা থেকে প্রায় ১৪০টি প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। নিটের প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর হওয়ায়, এই ১৪০টি প্রশ্নের মোট নম্বর দাঁড়ায় ৫৬০। যেখানে মোট পরীক্ষা ৭২০ নম্বরের, সেখানে পরীক্ষার আগেই ৫৬০ নম্বরের প্রশ্ন পড়ুয়াদের হাতে পৌঁছে যাওয়া নিট-এর স্বচ্ছতাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে এক কুৎসিত আর্থিক লেনদেনের ছবি। জানা গিয়েছে, পরীক্ষার দু’দিন আগে পর্যন্ত এই প্রশ্নপত্রটি ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়েছে। এমনকি পরীক্ষার আগের দিনও ন্যূনতম ৩০ হাজার টাকার বিনিময়ে অনেক পড়ুয়া এই ‘হাতে লেখা’ প্রশ্নপত্রটি সংগ্রহ করেন। এই চক্রের মূলে কেরলের একটি মেডিকেল কলেজের এক এমবিবিএস ছাত্রের নাম উঠে এসেছে। চুরুর বাসিন্দা ওই ছাত্র নিজের বন্ধুর সঙ্গে প্রশ্নটি ভাগ করে নেওয়ার পরেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে হোস্টেলগুলিতে। পুলিশের দাবি, পুরো প্রশ্নব্যাঙ্কটি একজনেরই হাতের লেখা।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত ১০ তারিখ একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা এই অভিযোগগুলি সম্পর্কে অবগত। তবে অভিযোগগুলি পরীক্ষার চারদিন পরে তাদের কাছে পৌঁছানোয় তারা বিষয়টি তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে। এনটিএ এখন রাজস্থান এসওজি-র চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয় যে এটি কোনও কাকতালীয় সাজেশন নয়, বরং পরিকল্পিতভাবে ফাঁস করা প্রশ্নপত্র, তবে ২০২৬-এর নিট পরীক্ষার ফলাফল এবং র্যাঙ্কিংয়ের ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে। ২০২৪ সালেও প্রশ্ন ফাঁস ও গ্রেস মার্কস নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল, বিরোধীরা কেন্দ্রকে আক্রমণ করেছিল। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি কি ২০২৬-এও হতে চলেছে? এখন সেটাই দেখার।





