দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল যাতায়াতের রাস্তার কারণে যে নরকযন্ত্রণা ভুগছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর ২ ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামের বাসিন্দারা, অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েতকে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায়, গ্রামের সাধারণ মানুষ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ সরকারি শিবিরে এই প্রকল্পের দাবি জানিয়েছিলেন।
সেই দাবি মেনেই কালীনগর গ্রামে নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
একযোগে হাজারো প্রকল্পের সূচনা:
শুধু কালীনগর গ্রামেই নয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ অক্টোবর নদিয়া জেলা জুড়ে হাজারো প্রকল্প বাস্তবায়নের সংকল্প নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এদিন নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে কয়েকটি রাস্তা-সহ জেলা জুড়ে মোট প্রায় ১৪২৭টি প্রকল্পের কাজ শুরু হলো। এর মধ্যে রয়েছে রাস্তা, পথবাতি-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
উদ্বোধন: রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং নদিয়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই নির্মাণ কার্যের সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত।
শিবিরের সাফল্য:
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরটি নদিয়া জেলায় ব্যাপক সাফল্য পেয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৭৮৫টি শিবিরের লক্ষ্য নেওয়া হয়েছিল, যার মধ্যে ১৫৮৭টি শিবির ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এই শিবিরগুলি থেকে মোট ৬২৬৫টি প্রকল্পের প্রস্তাব পাশ হয়েছে।
পাশ হওয়া প্রস্তাবগুলির মধ্যে ইতিমধ্যেই ৩৯৭৫টি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গ্রামের সাধারণ মানুষের দাবি মেনে সরকারি উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় খুশি এলাকাবাসী।