মুর্শিদাবাদের ঐতিহাসিক ‘কেল্লা নিজামত’ চত্বরে এবার দানা বেঁধেছে নতুন বিতর্ক। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে বাংলার নবাব মীর জাফরের দেড়শোরও বেশি বংশধরের। এই তালিকায় রয়েছেন বর্তমানের ‘ছোটে নবাব’ সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা এবং তাঁর পুত্র রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাও।
পরিবারের দাবি, খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে হাজির হয়ে সমস্ত বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় তাঁদের নাম রাখা হয়নি। ১৯৪৭ সালের দেশভাগের সময় অনেক প্রলোভন থাকা সত্ত্বেও এই পরিবারের সিংহভাগ সদস্য পাকিস্তানে না গিয়ে ভারতেই থেকে গিয়েছিলেন। এখন কয়েক দশক পর কেন তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এই পরিবারেরই সদস্য ইস্কান্দার আলি মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তবে বর্তমান বংশধরেরা ভারতেই স্থায়ী বাসিন্দা। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালবাগে।





