দোল উৎসবের রঙে মেতে ওঠার দিন তিলোত্তমার লাইফলাইন বা মেট্রো রেলের পরিষেবায় আসছে এক বড় বদল। আগামী ৩রা মার্চ, মঙ্গলবার দোলযাত্রার দিন কলকাতা মেট্রোর চেনা ছন্দে যতি পড়তে চলেছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা এবং কর্মীদের উৎসবের কথা মাথায় রেখেই ওইদিন ট্রেনের সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে আনা হয়েছে।
স্বাভাবিক দিনে উত্তর-দক্ষিণ বা ব্লু-লাইন করিডোরে যেখানে ২৭২টি ট্রেন চলাচল করে, দোলের দিন সেই সংখ্যা একলাফে কমে দাঁড়াচ্ছে মাত্র ৬০-এ। অর্থাৎ, ওইদিন দিনের অর্ধেকের বেশি সময় কোনো ট্রেনই মিলবে না। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ওইদিন সকাল থেকে কোনো পরিষেবা পাওয়া যাবে না। দুপুর ২টো ৩০ মিনিটের আগে কোনো ট্রেন স্টেশন থেকে ছাড়বে না। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ—উভয় দিক থেকেই দিনের প্রথম মেট্রো মিলবে দুপুর ২টো ৩০ মিনিটে। একইভাবে দুপুর ৩টে থেকে পরিষেবা শুরু হবে ইস্ট-ওয়েস্ট বা গ্রিন লাইন (হাওড়া ময়দান-শিয়ালদহ) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) করিডোরে। তবে স্বস্তির খবর এই যে, দিনের প্রথম মেট্রো দেরিতে শুরু হলেও, রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। ৪ঠা মার্চ থেকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরবে পরিষেবা।