টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জেদ এবার বুমেরাং হতে পারে পাকিস্তানের জন্য। ১৫ ফেব্রুয়ারির মেগা ম্যাচ থেকে সরে আসার যে সিদ্ধান্ত পিসিবি নিয়েছে, তার প্রভাব শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নেই। আইসিসি (ICC) এবং বিশ্বজুড়ে সম্প্রচারকারী সংস্থাগুলি একজোট হয়ে পাকিস্তানের ওপর নজিরবিহীন আর্থিক ও আইনি চাপ তৈরি করতে শুরু করেছে।
সম্প্রচারকারী সংস্থা JioStar সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে প্রায় ৮৩০০ কোটি টাকার আয়ের পরিকল্পনা রয়েছে তাদের। পাকিস্তান যদি শেষ মুহূর্তে ম্যাচ না খেলে, তবে তাকে চুক্তিভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে সম্প্রচারকারীরা পিসিবি এবং আইসিসি—উভয় পক্ষের বিরুদ্ধেই কয়েকশো কোটি টাকার মামলা করতে পারে। পরিস্থিতি সামাল দিতে আইসিসিও পাকিস্তানের বার্ষিক ৩৫ মিলিয়ন ডলারের তহবিল বা ‘রেভিনিউ শেয়ার’ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আটকে গেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কার্যত দেউলিয়া হয়ে যাবে।
যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজনৈতিক কারণে এই বয়কটের সিদ্ধান্তে অনড়, তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফল হবে ভয়াবহ। পাকিস্তান বর্তমানে নিরপেক্ষ ভেন্যুতে খেলছে, তাই নিরাপত্তার অজুহাত ধোপে টিকবে না। আইসিসি-র কঠোর মনোভাব দেখে মনে করা হচ্ছে, আইনি মারপ্যাঁচে পাকিস্তান শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হতে পারে।