দীপাবলির শুভ সকালেই ফের একবার ভারতের উপর ‘শুল্ক হুমকি’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রাশিয়ার থেকে তেল (Russian Oil) কেনা সত্বর বন্ধ না করলে ভারতীয় পণ্যের উপর আরও ‘ভয়াবহ শুল্ক’ চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে এই বিষয়ে তাঁর নাকি ‘ব্যক্তিগত’ আলোচনা হয়েছে এবং মোদী তাঁকে আশ্বস্ত করেছিলেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে— এই দাবিও তিনি পুনর্বার করেছেন।
ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকালে ট্রাম্প বলেন, “তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমাকে বলেছিলেন, যে তিনি রাশিয়ার তেল কিনবেন না। কিন্তু যদি তাঁরা কথা না রাখেন, তাহলে কিন্তু বিশাল শুল্ক দিতে হবে।”
ট্রাম্পের দাবির প্রত্যুত্তরে ভারতের অস্বীকার:
তবে ট্রাম্পের এই দাবির প্রত্যুত্তরে ভারত সরকার বারবার অস্বীকার করেছে। গত বৃহস্পতিবারই ট্রাম্পের প্রথম দাবির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, “মোদী এবং ট্রাম্পের বার্তালাপের বিষয়ে জানা নেই”। তিনি আরও বলেছিলেন যে, ভারত ও আমেরিকার মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে, কিন্তু রাশিয়ার তেল কেনা বন্ধ করা নিয়ে মোদী-ট্রাম্পের বার্তালাপের বিষয়ে স্পষ্ট কোনো খবর তাঁদের কাছে নেই।
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার ‘অপরাধে’ গত আগস্ট মাসেই ভারতীয় পণ্যের উপর ৫০% আমদানি শুল্ক ও জরিমানা আরোপ করেছিল আমেরিকা। এরপর থেকেই ভারতের বাজারে ‘ত্রাহি ত্রাহি’ রব ওঠে।
শুল্ক ত্রাসের মুখে মোদীর ‘স্বদেশী’ বার্তা:
মার্কিন শুল্কের চোখ-রাঙানির আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দীপাবলির শুভেচ্ছাতেও ‘স্বদেশীকতার’ পালে জোর হাওয়া দিলেন। দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানালেন তিনি।
সোমবার সকালে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদী বলেন, “আসুন, ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে এই উৎসবের মরশুম আমরা উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি এবং বলি – গর্ভ সে কহো ইয়ে স্বদেশী হ্যায় (গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী)! আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।”
আমেরিকার শুল্কের হুমকির মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই ‘স্বদেশী’ বার্তা আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের অর্থনৈতিক কৌশলকে আরও জোরদার করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।