দায়িত্ব নিয়েই ভাঙড়ে ‘অ্যাকশন’ মুডে সিপি সুপ্রতিম সরকার! রুদ্ধদ্বার বৈঠকে দিলেন কড়া বার্তা

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর এলাকা ভাঙড় পরিদর্শনে এলেন কলকাতা পুলিশের নবনিযুক্ত কমিশনার সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভাঙড় সফর। রবিবার ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে এলাকার সমস্ত থানার ওসি এবং ডিসি সৈকত ঘোষের সঙ্গে এক দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এই বৈঠকের মূল লক্ষ্যই ছিল ভোটের আগে ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র করা।

রাজনৈতিক সংঘর্ষের রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই এলাকা কলকাতা পুলিশের এক্তিয়ারে আসার পর থেকেই লালবাজার বাড়তি নজর দিচ্ছে এখানে। সূত্রের খবর, এদিনের বৈঠকে সিপি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের রাজনৈতিক হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সদাপ্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। খুব শীঘ্রই ভাঙড়ে উদ্বোধন হতে চলেছে ‘বিজয়গঞ্জ বাজার থানা’। নতুন এই থানা চালু হলে এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার জানান, বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং আগামীতে তিনি আবারও ভাঙড়ে এসে আইনশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy