বাঙালির চিরকালীন ম্যাটিনি আইডল উত্তম কুমারের স্মৃতিকে অমলিন রাখতে এক অভিনব উদ্যোগ নিলেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা এস কে মফিজুল ইসলাম। মহানায়কের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি ‘ভ্রমর’কে তিনি রূপান্তর করেছেন এক অনন্য সংগ্রহশালায়। ছোট জাগুলিয়া এলাকার এই বাড়িতেই একসময় অবসরে নিভৃতে সময় কাটাতে আসতেন উত্তম কুমার। পেশায় ব্যবসায়ী হলেও নেশায় ঘোরতর উত্তম-ভক্ত মফিজুল নিজের খরচেই বাড়িটি কিনে সংস্কার করেছেন।
সংগ্রহশালার অন্দরে ঢুকলেই চোখে পড়বে ‘সবার উপরে’, ‘অগ্নিপরীক্ষা’ বা ‘ভ্রান্তিবিলাস’-এর মতো কালজয়ী ছবির বিরল পোস্টার। সংগ্রহশালা কর্তৃপক্ষের দাবি, সেখানে সংরক্ষিত রয়েছে মহানায়কের ব্যবহৃত খাট এবং একটি প্রাচীন টেবিল ফ্যান। মজার বিষয় হলো, বাড়ির বৈদ্যুতিক মিটারের মালিকানায় এখনও অভিনেতা তরুণ কুমারের স্ত্রীর নাম রয়ে গিয়েছে। দাবার ছকের মতো মেঝে আর পুরনো আমেজ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সাদা-কালো সোনালি যুগে। উদ্যোক্তার পরিকল্পনা রয়েছে, এই বছরেই মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে পরিবারের কোনো সদস্যের উপস্থিতিতে এখানে একটি মূর্তিও স্থাপন করবেন। কোনো ব্যবসায়িক লাভ নয়, বরং আগামী প্রজন্মের কাছে ‘উত্তম ম্যাজিক’ পৌঁছে দেওয়াই মফিজুলের একমাত্র লক্ষ্য।