দীপাবলি ও ছট পুজোর মুখে ট্রেনের টিকিট কাটতে গিয়ে চরম সমস্যার মুখে পড়লেন লক্ষ লক্ষ যাত্রী। বিশেষ করে যাঁরা তৎকালের টিকিট কাটার চেষ্টা করছিলেন, তাঁরা কার্যত ব্যর্থ হলেন। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট ও অ্যাপ—কোনওটাই ঠিকঠাক কাজ করেনি। ফলে নির্ধারিত সময়ে টিকিট কাটতে পারেননি সাধারণ যাত্রীরা।
বুকিংয়ের সময়েই সার্ভার ডাউন
ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য বহু মানুষই আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন। কিন্তু সার্ভারের সমস্যা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হলেও, সমস্যা মেটেনি।
সময়: এ দিন সকাল থেকেই অকেজো ছিল আইআরসিটিসি-র ওয়েবসাইট ও অ্যাপ।
তৎকাল সমস্যা: তৎকাল টিকিটের নতুন নিয়মে সকাল ১০টা থেকে বুকিং শুরু হলেও, প্রথম আধ ঘণ্টা শুধুমাত্র রেজিস্টার্ড যাত্রীরাই টিকিট কাটতে পারেন। কিন্তু নিয়মই সার, টিকিট কাটতে গেলেই ওয়েবসাইট ডাউন।
ফলে উৎসবের সময় বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে না পেরে এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একের পর এক পোস্টে যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন।
‘স্ক্যাম’ নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা
বেলা প্রায় সাড়ে ১১টা বাজতেই আইআরসিটিসির ওয়েবসাইট আবার সচল হয়েছে। তবে ততক্ষণে যাঁরা তৎকাল টিকিট কাটতে চেয়েছিলেন, তাঁরা দেখছেন সব টিকিট বুক হয়ে গিয়েছে!
অর্থাৎ, গুরুত্বপূর্ণ তৎকাল বুকিংয়ের পুরো সময়টাই বন্ধ থাকল ওয়েবসাইট। এর পরই যাত্রীরা বড় প্রশ্ন তুলতে শুরু করেছেন: “এটা কি কোনও বড় স্ক্যাম?” যাত্রীদের অভিযোগ, ওয়েবসাইটের এই বিভ্রাট ইচ্ছাকৃত, যাতে সাধারণ মানুষ টিকিট না পান এবং টিকিট কালোবাজারি হয়। আইআরসিটিসি-র এই আচরণে যাত্রীদের হয়রানি চরমে পৌঁছেছে।