তোলা না দেওয়ায় বুক-মাথা ঝাঁঝরা! খাস হাওড়ায় ভরদুপুরে দুষ্কৃতীরাজ, আতঙ্কে কাঁপুনি পিলখানায়

প্রশাসনের নাকের ডগায় এবার প্রকাশ্য দিবালোকে চলল গুলি। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা রোডে এক প্রোমোটারকে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ কমিশনারের অফিস এবং জেলাশাসকের দপ্তরের ঢিলছোড়া দূরত্বে এই ‘বেপরোয়া’ দুষ্কৃতীরাজ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

মৃত প্রোমোটারের নাম সফিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় সফিককে লক্ষ্য করে প্রথমে পিছন থেকে গুলি চালায় দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন। আক্রান্ত মাটিতে লুটিয়ে পড়তেই মৃত্যু নিশ্চিত করতে সামনে থেকে তাঁর মাথা ও বুকে একের পর এক গুলি চালিয়ে চম্পট দেয় তারা। পালানোর সময় আততয়ীরা প্রথমে একটি বাইক থামানোর চেষ্টা করে, কিন্তু সেটি না থামলে অপর একটি বাইক ছিনতাই করে গলি দিয়ে পালিয়ে যায়। পরে জোড়াসাঁকো এলাকায় ট্যাক্সি চড়ে তারা গা-ঢাকা দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নবান্ন থেকে মাত্র ৬ কিলোমিটারের মধ্যে এই রোমহর্ষক খুনের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হারুন ও রোহিত দীর্ঘদিন ধরে সফিকের কাছে মোটা টাকা তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। সেই টাকা না মেলাতেই এই খুন। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। অভিযুক্তদের খোঁজে হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy