ভোটের মুখে ফের তপ্ত মুর্শিদাবাদের নওদা। তবে এবার বিরোধী নয়, খোদ শাসকদলের অন্দরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নওদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে মেজাজ হারালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভা থেকেই অবাধ্য নেতা-কর্মীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিলেন, দলে থেকে যারা গোষ্ঠী দ্বন্দ্ব করবে, তাদের রেয়াত করা হবে না। প্রয়োজনে ‘লাল কার্ড’ দেখিয়ে দল থেকে চিরতরে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, নওদায় দলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা ছিল। অভিষেকের সভার আগেই সেই উত্তেজনা চরমে পৌঁছায় এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। নিজের দলের কর্মীদের এমন আচরণ দেখে মঞ্চে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দেন অভিষেক। তিনি সাফ জানান, “তৃণমূল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। যারা মানুষের জন্য কাজ না করে নিজেদের মধ্যে লড়াই করছে, তাদের জন্য দলে কোনো জায়গা নেই। আমি রেফারি হিসেবে খেলা দেখছি, সময় এলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেব।”
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে দলের শৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া অবস্থান নিয়েছেন অভিষেক। বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে সমীকরণ অত্যন্ত জটিল, সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব দলের জন্য বড় বিপদ হতে পারে। অভিষেকের এই ‘লাল কার্ড’ দাওয়াইয়ের পর নওদার নিচুতলার কর্মীদের মধ্যে কতটা পরিবর্তন আসে, এখন সেটাই দেখার। তবে নেতার এই রুদ্রমূর্তি দেখে আপাতত থমথমে শাসক শিবিরের অন্দরমহল।