খড়গপুর সদর থেকে নিজের পুরনো কেন্দ্রে টিকিট পাওয়ার পর থেকেই চনমনে মেজাজে রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি দাবি করেন, তৃণমূলের প্রার্থী তালিকা দেখে শাসকদলের অন্দরে ক্ষোভের পাহাড় জমেছে। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকা প্রকাশ করেছেন, তাতে অনেকেরই কপাল পুড়েছে। তাঁরা এখন বুঝতে পারছেন তৃণমূলের নৌকা ডুবছে। তাই গত কয়েকদিন ধরে বহু বর্তমান বিধায়ক এবং প্রভাবশালী নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা বিজেপির টিকিটে লড়তে চান।”
দিলীপবাবু আরও যোগ করেন, “এরা এখন বুঝতে পারছেন বিজেপিতেই সম্মান আছে। যারা টিকিট পাননি, তারা তো বটেই, যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যেও অনেকে সংশয়ে আছেন। বিজেপির দ্বিতীয় ও তৃতীয় দফার তালিকা প্রকাশের আগে এদের অনেকের সাথেই আমাদের কথা চলছে।” রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্য তৃণমূলের অন্দরে স্নায়ুর চাপ বাড়ানোর কৌশল। কারণ, ইতিমধ্যেই সোনারপুর দক্ষিণ বা শ্যামপুরের মতো আসনে বিজেপি পুরনো মুখদের ফিরিয়ে এনে চমক দিয়েছে।
অন্যদিকে, খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার দিলীপ ঘোষকে ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ করলেও, দিলীপের পালটা দাবি—”খড়গপুরের মানুষ জানে কে ঘরের ছেলে আর কে পকেট ভরাতে এসেছে।” টিকিট না পাওয়া তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিয়ে দিলীপ ঘোষ এখন রাজ্য রাজনীতির হেডলাইন।