বাংলাদেশের রাজনীতির নয়া অধ্যায় শুরু হলো তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের মাধ্যমে। ঢাকার এই মেগা অনুষ্ঠানে ভারত সরকারের বিশেষ দূত হিসেবে উপস্থিত থেকে প্রতিবেশী ধর্মের অনন্য নজির গড়লেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হয়ে তিনি কেবল তারেক রহমানকে শুভেচ্ছাই জানাননি, বরং তাঁর হাতে মোদির পক্ষ থেকে ভারতে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ওম বিড়লা বলেন, একটি প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত সব সময় পাশে থাকবে। দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। লোকসভার অধ্যক্ষ আশ্বস্ত করেন যে, পরিকাঠামো থেকে শুরু করে উন্নয়নমূলক সব ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ভারত প্রস্তুত।
পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন ওম বিড়লা। সেখানে তিনি লেখেন, “ভারতবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করতে ভারত সরকার অঙ্গীকারবদ্ধ।” কূটনৈতিক মহলের মতে, ওম বিড়লার এই সফর এবং মোদির আমন্ত্রণপত্র পাঠানো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ইতিবাচক ইঙ্গিত।