পশ্চিম এশিয়ায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ‘যুদ্ধ বিরতি’র ঘোষণায় জল ঢেলে দিল ইরান। ফ্লোরিডায় এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার দাবি করলেও, পাল্টা হুঙ্কার ছেড়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ কবে থামবে বা আমেরিকা-ইজরায়েলের ওপর হামলা কবে বন্ধ হবে, সেই সিদ্ধান্ত কেবল তারাই নেবে।
IRGC-র বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, “আমেরিকা কোনো যুদ্ধ শেষ করতে পারবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন আমাদের হাতে।” বিশেষ করে আয়াতোল্লা খামেনেইর পুত্র মোজতাবা খামেনেইকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পর ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। তেহরানের এই অনড় মনোভাবের প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব বাজারে। গত চার বছরের রেকর্ড ভেঙে আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে।
তবে ট্রাম্পের এই আশ্বাসের পর মার্কিন শেয়ার বাজারে সামান্য উন্নতির মুখ দেখা গেছে এবং তেলের দাম কিছুটা থিতু হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন ট্রাম্প। পুতিনের বিদেশ উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও ট্রাম্প শান্তি ফেরার কথা বলছেন, কিন্তু ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আপাতত বিশ্বকে বড়সড় সংকটের মুখেই দাঁড় করিয়ে রেখেছে।