কলকাতায় জ্বালানি সংকট চরমে। ভোররাত বা মাঝরাত—গ্যাস ভরার জন্য পাম্পগুলোতে অটো ও চারচাকা গাড়ির দীর্ঘ লাইন এখন নিত্যদিনের ছবি। বিশেষ করে বেঙ্গল কেমিক্যাল থেকে সল্টলেক সিটি সেন্টারের মতো এলাকাগুলোতে গ্যাসের লাইনে দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা সারি দেখা যাচ্ছে। চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শেষমেশ খালি হাতে ফিরতে হচ্ছে। কেউ কেউ রাত ১টা বা ২টো থেকে লাইনে দাঁড়িয়ে গাড়িতেই রাত কাটাচ্ছেন।
পেট্রোল-ডিজেলের তুলনায় সিএনজি-তে মাইলেজ বেশি পাওয়া যায় বলেই অনেক চালক সিএনজি-র পথে হেঁটেছিলেন। কিন্তু বর্তমানে সিএনজি ও এলপিজি—উভয়েরই তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পাম্প কর্মীদের দাবি, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম জ্বালানি সরবরাহ হচ্ছে। এর মধ্যেই এলপিজির দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে এখন ৬২ টাকা ৬৮ পয়সায় দাঁড়িয়েছে। আগের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। রোজগার কমে যাওয়া এবং জ্বালানির আকাল—এই জোড়া ফলায় দিশেহারা অটো ও ট্যাক্সি চালকরা। সংসার চালানোই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।