বেঙ্গালুরুর রাজপথে অটোর চাকা সচল রাখা এখন দায় হয়ে দাঁড়িয়েছে চালকদের জন্য। শহরের অটো এলপিজি (LPG) ডিসপেনসিং স্টেশনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যাচ্ছে অটোচালকদের দীর্ঘ সারি। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে পরিচিত এলপিজি-র যোগানে ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে শহরের দৈনন্দিন পরিবহন ব্যবস্থা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় পর্যাপ্ত জ্বালানি না মেলায় খালি হাতেই ফিরে যেতে হচ্ছে চালকদের।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে দেশে পেট্রল, ডিজেল ও এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে। তবে স্থানীয় স্তরে সরবরাহে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছেন বেঙ্গালুরুর কয়েক হাজার অটোচালক। চালকদের অভিযোগ, জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় তাঁদের দৈনিক আয় যেমন কমছে, তেমনই বাড়ছে ভোগান্তি। ট্রাফিক জ্যামের শহরে রিফুয়েলিং-এর এই সমস্যা এখন চালকদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে।





