জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আরএস পুরা সেক্টরে এক চাঞ্চল্যকর জেল ভাঙার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টা নাগাদ একটি জুভেনাইল হোম থেকে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে এবং গুলি বর্ষণ করে দুই পাকিস্তানি নাগরিকসহ মোট তিন বন্দি পলাতক।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে জুভেনাইল হোমের দরজা ভেঙে বেরিয়ে আসে। পালানোর আগে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়, যাতে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। পলাতকদের মধ্যে মহম্মদ সুনা উল্লাহ ও আহসান আনোয়ার পাকিস্তানের নাগরিক, যা সীমান্ত নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। তৃতীয় পলাতক বন্দি স্থানীয় আরএস পুরার বাসিন্দা করজিৎ সিং ওরফে গুগ্গা।
ঘটনার পরই গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী। যেহেতু এলাকাটি পাকিস্তান সীমান্তের অত্যন্ত কাছে, তাই আসামিরা সীমান্ত পার করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার ধরণ দেখে মনে করা হচ্ছে এটি বড় কোনো ষড়যন্ত্রের অংশ। এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রতিটি মোড়ে চলছে নাকা তল্লাশি।