কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে এবার রাজনীতির ময়দান উত্তপ্ত হতে চলেছে। বুধবার বিজেপির ষষ্ঠ দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, সদ্য জেলমুক্ত নেতা রাকেশ সিংকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করেছে পদ্ম শিবির। হাই কোর্ট থেকে জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই হেভিওয়েট কেন্দ্রে নাম ঘোষণা করা হল রাকেশের। ২০২১-এর নির্বাচনেও তাঁর নাম নিয়ে জল্পনা ছিল, কিন্তু সেবার আইনি জটিলতায় তা সম্ভব হয়নি।
তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাকেশ সিংকে মোটেই গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো তাচ্ছিল্যের সুরে বলেন, “কে রাকেশ সিং? আমি পোর্টের মানুষকে চিনি, প্রার্থীদের চিনি না।” এমনকি রাকেশের নাম না করে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গও টেনে আনেন ফিরহাদ। উল্লেখ্য, গত বছর কংগ্রেস দফতরে হামলা ও রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাকেশ। গত মঙ্গলবার জেলমুক্ত হওয়ার পরই সরাসরি ভোটের ময়দানে নেমে পড়েছেন এই বিজেপি নেতা। এখন দেখার, ফিরহাদের ‘গড়’ হিসেবে পরিচিত বন্দরে রাকেশ সিং কতটা বেগ দিতে পারেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীকে।





