স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপরতা বাড়াল ইডি। বর্তমান প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আলিপুর সংশোধনাগারে থাকা অর্পিতা মুখোপাধ্যায়কে এই মামলায় আনুষ্ঠানিকভাবে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি ও বিপুল নগদ উদ্ধারের ঘটনায় তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এবার এসএসসি নিয়োগের ‘অদশ্য’ হাত ও টাকার উৎস খুঁজতে তাঁদের জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।
সূত্রের খবর, এসএসসি নিয়োগের ক্ষেত্রেও পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি নির্দেশ ছিল বলে দাবি করেছে সংস্থা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি ও নথিতে এসএসসি সংক্রান্ত কিছু ‘কোড’ ও তথ্য পাওয়া গিয়েছে, যা নিয়ে দুজনকে সামনাসামনি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে এবং পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক রাঘববোয়ালের নাম সামনে আসতে পারে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে এসএসসি মামলায় পার্থের ওপর চাপ বৃদ্ধি তৃণমূলের জন্য অস্বস্তি বাড়াতে পারে।