জি বাংলা ছেড়ে স্টার জলসায় ‘মহারাজ’! কবে থেকে শুরু হচ্ছে সৌরভের ‘বিগ বস’? ফাঁস হল সম্ভাব্য দিনক্ষণ

বাঙালি ড্রয়িং রুমের চেনা ছবিটা কি এবার বদলে যেতে চলেছে? দীর্ঘদিনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালকের আসন ছেড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপর থেকেই টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর। জি বাংলার হাত ছেড়ে সৌরভ নাকি এবার পা বাড়াচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার দিকে। গুঞ্জন তুঙ্গে যে, এবার ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে স্বয়ং প্রিন্স অফ ক্যালকাটাকে।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ২০২৬ সালের মার্চ মাস নাগাদ সৌরভের নতুন শো পর্দায় আসবে। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী, অনুরাগীদের অপেক্ষার অবসান হতে পারে আরও আগেই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর মাসেই এই মেগা শো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও স্টার জলসা কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিগ বস-এর মতো বড় মাপের শো-এর জন্য অন্তত ছয় মাস আগে থেকে প্রতিযোগী বাছাই পর্ব শুরু করতে হয়। সূত্রের খবর, টলিপাড়ার বেশ কয়েকজন নামী তারকার নাম ইতিমধ্যেই তালিকায় উঠে এসেছে। তবে বিগ বসের ঘরে একটানা বন্দি থাকা সহজ কাজ নয়, তাই কাঁটাছেঁড়া চলছে চূড়ান্ত পর্যায়ের।

উল্লেখ্য, ২০১৬ সালে শেষবার বাংলায় ‘বিগ বস’ দেখা গিয়েছিল, যেখানে বিক্রম চট্টোপাধ্যায় বা শিলাজিতের মতো তারকারা ছিলেন। প্রায় এক দশক পর সৌরভের হাত ধরে এই শো-এর প্রত্যাবর্তন বাংলা টেলিভিশনের টিআরপি যুদ্ধে বড়সড় রদবদল আনতে পারে। জি বাংলায় বর্তমানে ‘সা রে গা মা পা’ এবং ‘ডান্স বাংলা ডান্স’ দাপিয়ে বেড়াচ্ছে, তার মোকাবিলায় সৌরভের এই ‘মাস্টারস্ট্রোক’ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy