উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জাপান সফর শুরুতেই বিশাল সাফল্য পেল। বুধবার জাপানে পা রেখেই তিনি বাজিমাত করেছেন। সফরের প্রথম দিনেই বিভিন্ন জাপানি সংস্থার সঙ্গে প্রায় ১১,০০০ কোটি টাকার মউ (MoU) স্বাক্ষর করেছে উত্তরপ্রদেশ সরকার।
টোকিওতে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, পরিকাঠামো এবং কৃষি যন্ত্রপাতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে। যে সংস্থাগুলির সঙ্গে চুক্তি হয়েছে তার মধ্যে রয়েছে কুবোটা কর্পোরেশন (Kubota Corporation), মিন্ডা কর্পোরেশন (Minda Corporation), জাপান অ্যাভিয়েশন ইলেকট্রনিক্স (JAE), এবং ফুজিসিলভারটেক (Fujisilvertech)। এই বিনিয়োগের ফলে উত্তরপ্রদেশে কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশ এখন বিনিয়োগের জন্য ভারতের অন্যতম সেরা গন্তব্য। জাপানি সংস্থাগুলিকে গ্রেটার নয়ডার কাছে প্রস্তাবিত ‘জাপান সিটি’-তে বিনিয়োগের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এছাড়া মিতসুই অ্যান্ড কোং-এর মতো বড় সংস্থার সঙ্গেও আলোচনা হয়েছে গ্রিন এনার্জি ও সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে। সিঙ্গাপুরে ৬০,০০০ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করার পর জাপানে এই প্রথম দিনের সাফল্য যোগী সরকারের মুকুটে আরও একটি পালক যোগ করল।