ছুটির দিনে ফের রক্তক্ষরণ কলকাতা মেট্রোয়। রবিবার বিকেল সোয়া চারটে নাগাদ উত্তর-দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনের কালীঘাট স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত মেট্রোর সামনে আচমকাই এক যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে শহরের লাইফলাইন। চরম ভোগান্তির শিকার হন কয়েক হাজার যাত্রী।
মেট্রো রেল সূত্রে খবর, বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ ডাউন লাইনে যখন একটি ট্রেন স্টেশনে ঢুকছিল, তখনই ওই যুবক আচমকা প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে চালক ইমার্জেন্সি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুরুতর জগত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে টালিগঞ্জ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত খণ্ডিত পরিষেবা চালানো হয়। কিন্তু রবীন্দ্র সদন থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত দীর্ঘক্ষণ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় মেট্রোর গেটের বাইরে যাত্রীদের ভিড় উপচে পড়ে। ট্যাক্সি বা বাসে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। বিকেল সাড়ে পাঁচটার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, মেট্রোয় বারবার এই ধরনের ঘটনা যাত্রী নিরাপত্তা ও প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর (PSD) বসানোর প্রয়োজনীয়তাকে ফের একবার সামনে নিয়ে এল।