‘ছাব্বিশের’ মহাযুদ্ধে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক! চল্লিশ জন যুব নেতার ওপর ভরসা মমতার?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবার নবান্ন দখলের লক্ষ্য নিয়ে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন বৈঠকে প্রার্থী তালিকার ব্লু-প্রিন্ট একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের উপস্থিতিতে এই বৈঠকে নবীন ও প্রবীণের মেলবন্ধনে এক নতুন কৌশল নিয়েছে শাসকদল।

তৃণমূল সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় অন্তত ৪০ জন নবীন প্রজন্মের মুখ দেখা যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ মেনে তরুণ তুর্কিদের বেশি সুযোগ দিয়ে সংগঠনের কাজ ও ভোটারদের কাছে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরাই শীর্ষ নেতৃত্বের লক্ষ্য। এর ফলে বহু প্রবীণ নেতার নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যাঁদের নির্বাচনী লড়াইয়ের পরিবর্তে সংগঠনের মূল দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে।

চমকের এখানেই শেষ নয়, টলিউড থেকে এক প্রখ্যাত গায়িকা এবং সদ্য দলে যোগ দেওয়া এক প্রথম সারির অভিনেত্রীকে এবার বিধানসভা ভোটে লড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট। এছাড়া, ‘অ্যান্টি-ইনকাম্বেন্সি’ বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এড়াতে বেশ কিছু হেভিওয়েট মন্ত্রীর আসন বদল নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। সব মিলিয়ে, ছাব্বিশের লড়াইয়ে জয় নিশ্চিত করতে রণকৌশল ও প্রার্থী চয়নে আমূল পরিবর্তনের পথে তৃণমূল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy