“চা খেতে ডাকলেও ‘না’ বলতে শিখুন!” নির্বাচনের আগে কেন বিস্ফোরক কৌশানী মুখোপাধ্যায়?

আবার প্রলয়’-এর মোহিনী অবতারের পর এবার এক প্রতিবাদী লড়াকুর চরিত্রে কৌশানী মুখোপাধ্যায়। আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’। এই সিরিজের প্রচারেই ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় অভিনেত্রী ভাগ করে নিলেন তাঁর কেরিয়ার, ব্যক্তিগত লড়াই এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল।

প্রতিবাদের নাম জয়িতা চৌধুরী: সিরিজে কৌশানীকে দেখা যাবে একজন কর্পোরেট কর্মীর ভূমিকায়, যার নাম জয়িতা। অফিস পার্টিতে শারীরিক নিগ্রহের শিকার হওয়ার পর সমাজ বা লোকলজ্জার তোয়াক্কা না করে আইনি লড়াই শুরু করে সে। বাস্তবের মেয়েদের উদ্দেশ্যে কৌশানীর সাফ বার্তা, “সাহস রাখতে হবে। সামান্য চা খাওয়ার অফার এলেও যদি অস্বস্তি হয়, চাতুর্যের সঙ্গে ‘না’ বলতে জানতে হবে। আর যদি খারাপ কিছু ঘটে যায়, তবে তার শেষ দেখে ছাড়ার জেদ থাকতে হবে।”

মমতা-বন্দনা ও রাজনীতির ময়দান: অভিনয় এবং প্রযোজনা সামলানোর পাশাপাশি কৌশানী তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় মুখ। সামনেই বিধানসভা নির্বাচন, প্রস্তুতি কেমন? কৌশানীর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে আসা। আর আমার মায়ের অসুস্থতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তা ভোলার নয়। দল চাইলে আমি সব সামলে তাঁদের পাশে থাকব।”

কেরিয়ারের গ্রাফ ও সাফল্য: এক সময় কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে পরিচিত হলেও ‘বহুরূপী’ বা ‘রক্তবীজ ২’ কৌশানীকে অভিনেত্রী হিসেবে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “এখন ডিস্ট্রিবিউটররা বলেন কৌশানী আছে মানেই ছবি হিট। আমি এখন এমন চিত্রনাট্যই বেছে নিচ্ছি যেখানে নিজেকে প্রমাণ করার জায়গা আছে।” কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করাকে নিজের কেরিয়ারের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy