বসন্তের ফুরফুরে হাওয়াকে বিদায় জানিয়ে দোরগোড়ায় কড়া নাড়ছে চৈত্র সেল আর ভ্যাপসা গরম। এবার বসন্ত উৎসব বা দোলের আগেই আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হোলির দিনে রোদের ‘রংবাজি’তে রীতিমতো ঘেমে-নেয়ে একাকার হতে হবে সাধারণ মানুষকে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—উভয় প্রান্তেই তাপমাত্রা হু হু করে বাড়বে। দোলের দিন পুরুলিয়ার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। বাদ যাবে না কলকাতাও; সেখানে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৩ ডিগ্রিতে। অন্যদিকে বোলপুর ও দমদমে তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। যদিও বর্তমানে ভোরবেলা হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাতের তাপমাত্রাও ২-৪ ডিগ্রি বেড়ে যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং বা কালিম্পংয়ে সকালে হালকা কুয়াশা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং শীত ফেরার আর কোনও সুযোগ নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা