গ্যাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না! দেশবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

বিশ্বজুড়ে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়ে যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল, তা কাটাতে এবার সরাসরি আসরে নামল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, দেশে জ্বালানির কোনো অভাব নেই। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন আতঙ্কিত হয়ে (Panic Booking) আগাম গ্যাস বুকিং না করেন।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি লোকসভায় দাঁড়িয়ে জানিয়েছেন, রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে লজিস্টিক ক্ষেত্রে সামান্য সমস্যা হলেও ভারত ইতিমধ্যেই ৪০টি দেশের সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে সমন্বয় বাড়িয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে গার্হস্থ্য গ্যাস সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নবান্নের মতো কেন্দ্রও স্পষ্ট করেছে যে, এই সুযোগে যারা কালোবাজারি বা মজুতদারি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’ অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়ানো রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। সরকার জানিয়েছে, বর্তমান জোগান ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বরং বাড়তি বুকিংয়ের ফলেই ডেলিভারিতে সাময়িক দেরি হচ্ছে। তাই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে দিল্লি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy