দীর্ঘদিনের রীতি বজায় রেখে এবারও দীপাবলি (Diwali 2025) উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে এবার স্থলবাহিনীর (Indian Army) পরিবর্তে তিনি দিনটি কাটান নৌবাহিনীর (Indian Navy) সঙ্গে। গোয়া ও কারওয়ার উপকূলে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের (INS Vikrant) বুকে রবিবার রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। সোমবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি।
আইএনএস বিক্রান্ত থেকে মোদীর বার্তা:
আইএনএস বিক্রান্তের বুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নৌসেনার সাহস ও শৃঙ্খলাকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, “একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর – তার মাঝে দাঁড়িয়ে আমাদের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত।”
মোদী জানান, গভীর সমুদ্রের নিস্তব্ধতা আর ভোরের সূর্যোদয়ের দৃশ্য তাঁর কাছে এই বছরের দীপাবলিকে আরও স্মরণীয় করে তুলেছে। তিনি বলেন, “এই রণতরীতে কাটানো সময় আমাকে শিখিয়েছে বাঁচার গুরুত্ব। তোমাদের নিষ্ঠা এত গভীর যে আমি তার সামান্যই অনুভব করতে পেরেছি।”
১৯৭১ যুদ্ধ এবং ‘সিঁদুর অভিযান’ স্মরণ:
নৌসেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের যুদ্ধের (1971 War) কথা স্মরণ করেন। তাঁর কথায় উঠে আসে ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক ‘সিঁদুর অভিযান’ (Operation Sindoor) প্রসঙ্গ।
মোদী বলেন, “ভারতের আইএনএস বিক্রান্তের সামনে পাকিস্তান কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছিল। পড়শি দেশের ঘুম উড়ে গেছিল ভারতীয় নৌবাহিনীর শক্তি দেখে।” নৌসেনার সদস্যদের দেশপ্রেমের সঙ্গীত ও সিঁদুর অভিযানের মঞ্চায়ন দেখে প্রধানমন্ত্রী আরও বলেন, “যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। আজ তোমাদের চোখে সেই জেদ, সেই গর্ব দেখলাম।”
দেশের প্রথম স্বদেশী রণতরীতে প্রধানমন্ত্রীকে দীপাবলিতে স্বাগত জানানো নৌবাহিনীর কাছে অত্যন্ত গর্বের বিষয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।