বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত দেব দীপাবলি উৎসব। এর প্রস্তুতি স্বরূপ বারাণসীর পবিত্র গঙ্গা ঘাটগুলিতে এখন জোরকদমে সাজসজ্জা চলছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া গঙ্গা মহোৎসবের সমাপ্তি ঘটবে আজ, ৪ নভেম্বর। এরপর ৫ নভেম্বর গঙ্গার তীরে এক জমকালো আলোর উৎসবে মেতে উঠবে সমগ্র কাশী নগরী। দেব দীপাবলির এই চূড়ান্ত ব্যস্ততায় এখন শহরজুড়ে উৎসবের আমেজ।
কখন পালিত হয় দেব দীপাবলি? পুরাণ মতে, প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। এটি দীপাবলির প্রায় ১৫ দিন পরে আসে। এই বছর, দেব দীপাবলি উৎসবটি ৫ নভেম্বর তারিখে উদযাপিত হবে।
কেন পালিত হয় দেব দীপাবলি? পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই পবিত্র দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করেছিলেন। শিবের জয়ে আনন্দিত হয়ে দেবতারা স্বর্গ এবং পৃথিবীতে প্রদীপ প্রজ্বলিত করে বিজয় উদযাপন করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, প্রতি বছর এই দিনে গঙ্গা তীরে জমকালোভাবে দেব দীপাবলি পালনের ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে।