খাবার অর্ডারে পকেটে কোপ! প্ল্যাটফর্ম ফি ১৯% বাড়াল জ্যাম্যাটো, নতুন রেট কত?

অনলাইন খাবার অর্ডারের খরচ এবার আরও কিছুটা বাড়ল। ভারতের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জ্যাম্যাটো তাদের ‘প্ল্যাটফর্ম ফি’ (Platform Fee) ১৯ শতাংশের বেশি বাড়িয়ে দিয়েছে। শুক্রবার থেকেই কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি অর্ডারে এখন থেকে ১২.৫০ টাকার পরিবর্তে ১৪.৯ টাকা (জিএসটি বাদে) করে ফি দিতে হবে গ্রাহকদের। এর ফলে ট্যাক্সসহ প্রতিটি অর্ডারে প্রায় ১৭-১৮ টাকা বাড়তি গুণতে হবে ব্যবহারকারীদের।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জ্বালানির দাম বাড়ায় ডেলিভারি কর্মীদের খরচ এবং লজিস্টিক ম্যানেজমেন্টে বাড়তি চাপ পড়ছে, যা সামাল দিতেই এই ফি বৃদ্ধি। উল্লেখ্য, জ্যাম্যাটোর প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগিও (Swiggy) বর্তমানে প্রায় ১৪.৯৯ টাকা প্ল্যাটফর্ম ফি নিচ্ছে। জ্যাম্যাটো গোল্ড মেম্বারদের জন্যও এই ফি প্রযোজ্য হবে।

২০২৩ সালে মাত্র ২ টাকা দিয়ে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম ফি ধাপে ধাপে বেড়ে আজ ১৫ টাকার কাছাকাছি পৌঁছেছে। দেশের প্রায় সব বড় শহরেই এই নতুন রেট কার্যকর হয়েছে। ক্রমাগত খরচ বৃদ্ধির ফলে নিয়মিত গ্রাহকরা এখন ম্যাজিকপিন (Magicpin) বা ওএনডিসি (ONDC)-র মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকছেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy