ক্রিকেট মাঠ থেকে গুজরাট মন্ত্রিসভা! সমস্ত কটাক্ষ ও বাধা পেরিয়ে মন্ত্রী হিসেবে শপথ নিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাডেজা

গুজরাটে মন্ত্রিসভা ঢেলে সাজাল বিজেপি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রিসভার বাকি সদস্যরা পদত্যাগ করার পর শুক্রবার নতুন মন্ত্রীরা শপথ নিলেন। মুখ্যমন্ত্রী ছাড়াও আরও ২৫ জন বিধায়ক এদিন শপথ গ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Jadeja)।

গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিধায়ক রিভাবা জাডেজা এখন সরাসরি বিজেপি সরকারের মন্ত্রী। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী হলেও নিজের রাজনৈতিক জগতে আলাদা পরিচয় তৈরি করেছেন রিভাবা।

পারিবারিক বিরোধিতা জয়
দীর্ঘদিনের কংগ্রেসি জাদেজা পরিবারের সদস্য হয়েও রিভাবার বিজেপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারেননি তাঁর শ্বশুরবাড়ির নিকটাত্মীয়রাই। ২০২২ সালে প্রথমবার নির্বাচনের ময়দানে পা রাখতেই তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন তারকা ক্রিকেটারের বাবা এবং দিদি নয়না জাডেজা। নয়না প্রকাশ্যেই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে প্রচার করেন। তাঁর অভিযোগ ছিল, রিভাবা নির্বাচনী ফায়দা তুলতে নামের পরে ‘জাডেজা’ পদবি ব্যবহার করছেন।

তবে, প্রচারে স্বামী রবীন্দ্র জাদেজাকে পুরোপুরি পাশে পেয়েছিলেন রিভাবা। শেষমেশ ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিয়ে তিনি প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জামনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হন।

সমালোচনা পেরিয়ে মন্ত্রীত্ব
বিধায়ক হয়েও বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রিভাবাকে—কখনও তথাকথিত আধুনিক পোশাক ছেড়ে শাড়ি পরে ক্রিকেট মাঠে যাওয়ার কারণে, কখনও বা আবার প্রকাশ্যে স্বামীকে প্রণাম করার জন্য। এই যাবতীয় সমালোচনা এবং পারিবারিক কটাক্ষের মধ্যেও অবশ্য স্বামীকে সবসময়ে পাশে পেয়েছেন তিনি। রিভাবার পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও পরে বিজেপিতে যোগ দিয়েছেন।

রাজনীতি থেকে বিবাহিত জীবনের চড়াই উতরাই পেরিয়ে এখন মন্ত্রী হলেন রিভাবা। প্রথম জীবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেও, তিনি চাকরি ছেড়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন। বিশেষত মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়নের জন্য তিনি ‘মাত্রুশক্তি চ্যারিটেবল ট্রাস্ট’ তৈরি করেছেন। এবার গুজরাটের মন্ত্রী হিসাবে সেই সেবামূলক কাজ চালিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy