যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে আধিপত্য বজায় রাখা নিয়ে নাটকীয় মোড় নিল মার্কিন রাজনীতি। মাত্র এক দিন আগেই মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জার্মানি, স্পেন এবং ইতালির মতো দেশগুলো সরাসরি সেই অনুরোধ প্রত্যাখ্যান করতেই রাতারাতি সুর বদলালেন তিনি। মঙ্গলবার ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্রের অন্য কারোর সহায়তার প্রয়োজন নেই।
ট্রাম্পের অভিযোগ, প্রয়োজনের সময় ন্যাটোর সদস্য দেশগুলো আমেরিকার পাশে দাঁড়ায় না। বিশেষ করে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস যখন জানিয়েছেন যে কোনো আন্তর্জাতিক অনুমোদন ছাড়া তাঁরা সামরিক পদক্ষেপ করবেন না, তখন ট্রাম্প আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ব্রিটেনের ভূমিকারও সমালোচনা করে তিনি বলেন, যখন সাহায্যের দরকার ছিল তখন কেউ আসেনি, এখন যুদ্ধ শেষের পথে বলে তারা নাটক করছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, “আমরা বিশ্বের শক্তিশালী দেশ, আমাদের সামরিক শক্তিই যথেষ্ট। এই আহ্বান আসলে মিত্রদের আনুগত্য যাচাই করার একটি পরীক্ষা ছিল।”