“কাটমানি-সিন্ডিকেট থেকে স্বাধীনতা দেব”, ঠাকুরনগরে দাঁড়িয়ে তৃণমূলকে অলআউট আক্রমণ মোদীর!

দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার মতুয়া-গড় ঠাকুরনগরে দাঁড়িয়ে বাঙালির আবেগ ও ক্ষোভকে কার্যত এক সুতোয় বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নির্বাচনী জনসভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক স্লোগানকে স্মরণ করে তিনি বলেন, “নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমি আপনাদের কাছে কেবল একটি করে ভোট চাইছি। এই একটি ভোটই বাংলাকে তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট আর অত্যাচার থেকে স্বাধীনতা এনে দেবে।”

মতুয়াদের জন্য ‘মোদীর গ্যারান্টি’
এদিন ঠাকুরনগরের সভায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিরোধীদের কুৎসার কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানান, সিএএ (CAA) কোনো প্রতিশ্রুতি নয়, বরং এটিই বাস্তব। মতুয়াদের আশ্বস্ত করে মোদী বলেন, “আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে, আপনারা স্থায়ী ঠিকানা পাবেন। প্রত্যেকটি ভারতবাসী যে অধিকার পান, আপনারা সেই সব অধিকার পাবেন। এটা মোদীর গ্যারান্টি।” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শরণার্থীদের পাশে দাঁড়ানো বিজেপির দায়িত্ব।

সন্দেশখালি ও নারী নিরাপত্তা নিয়ে তোপ
রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। সন্দেশখালির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলার জঙ্গলরাজে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মা-বোনেরা। সন্দেশখালিতে যা হয়েছে, সারা দেশ তা দেখেছে। অথচ শাসক দল অভিযুক্তদেরই রক্ষা করার চেষ্টা করেছে। বর্তমান সরকারের আমলে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই।”

সিন্ডিকেট-কাটমানি নিয়ে আক্রমণ
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, গোটা বাংলায় এখন তৃণমূলের একটিই ‘দোকান’ চলছে— সেটি হলো সিন্ডিকেট ও কাটমানির দোকান। বাংলার মানুষের টাকা লুঠ করা হচ্ছে অভিযোগ তুলে তিনি স্লোগান তোলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”

ভোটের লড়াইয়ে মতুয়া ভোটব্যাঙ্ক এবং নারী ভোটারদের মন পেতে মোদীর এই ‘গ্যারান্টি’ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy