বালুচিস্তানে পাকিস্তানি সেনার ওপর রক্তক্ষয়ী ‘অপারেশন হেরোফ’ (Operation Herof) শেষ হওয়ার পর এবার নতুন করে চাপ বাড়াল বালুচ লিবারেশন আর্মি (BLA)। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে ৭ জন আটক পাকিস্তানি সেনার ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে। বিএলএ-র দাবি, এই সৈন্যরা তাদের হেফাজতে রয়েছে এবং পাকিস্তান সরকার যদি তাদের জীবিত ফিরে পেতে চায়, তবে আগামী ৭ দিনের মধ্যে বালুচ বন্দিদের মুক্তি দিতে হবে। কোয়েটা থেকে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এই বার্তায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
বিএলএ মুখপাত্র জীয়ান্দ বালুচ এক বিবৃতিতে জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে বালুচিস্তানের বিভিন্ন প্রান্তে চলা লড়াইয়ে তাঁরা মোট ১৭ জন নিরাপত্তা কর্মীকে আটক করেছিলেন। তাঁদের মধ্যে ১০ জন বালুচ বংশোদ্ভূত হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও, বাকি ৭ জন পাকিস্তানি সেনাকে এখনও বন্দি রাখা হয়েছে। বিএলএ-র শর্ত স্পষ্ট— যদি পাকিস্তানি সেনাবাহিনী তাদের সেনাদের মুক্তি চায়, তবে জেতলে থাকা বালুচ যোদ্ধাদের মুক্তি দিতে হবে। অন্যথায় এই ৭ সেনার ভাগ্য বালুচ ট্রাইব্যুনালের রায়ের ওপর নির্ভর করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই ভিডিও বার্তায় আটক সেনাদের বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দৈন্যদশা তুলে ধরছে। গত কয়েক সপ্তাহে বালুচিস্তানের ১৪টি শহরে একযোগে হামলা চালিয়েছিল বিএলএ। সংগঠনের দাবি অনুযায়ী, এই লড়াইয়ে ৩৬২ জনেরও বেশি পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এই দাবি অস্বীকার করে ২০০-র বেশি ‘জঙ্গি’কে খতম করার কথা জানিয়েছে। তবে ৭ সেনার বন্দি হওয়ার বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাওয়ালপিন্ডি। এই আল্টিমেটাম শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশেষজ্ঞদের।