নির্বাচনী আবহে উত্তপ্ত বীরভূমের সিউড়ি। কবরস্থানের জমি দখল করে নির্মাণকাজের অভিযোগ ঘিরে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল কাঁখুড়িয়া গ্রাম। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উন্মত্ত জনতার রোষের মুখে পড়লেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। গ্রামবাসীদের ছোঁড়া ইটের আঘাতে আইসি-র মাথা ও কান ফেটে রক্তাত্ব হন তিনি। বর্তমানে তিনি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত একটি নির্মাণকাজকে কেন্দ্র করে। অভিযোগ, জনৈক ঠিকাদার কবরস্থানের জমিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু করলে মাটি খোঁড়ার সময় বেশ কিছু হাড়গোড় বেরিয়ে আসে। এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঠিকাদার ও তাঁর কর্মীদের আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা চরমে ওঠে। আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে চারদিক থেকে ইটবৃষ্টি শুরু হয়। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে বিশাল কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী। বীরভূম জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, “হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কাউকে রেয়াত করা হবে না।” এই ঘটনায় ইতিমধেই ১৪ জনকে আটক করেছে পুলিশ। আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে এবং গ্রামে চলছে রুট মার্চ।





